চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে নয়, নিজেদের মধ্যকার আধিপত্যের লড়াইয়ে প্রাণ ঝরছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। ঘাটের নিয়ন্ত্রণ, বিলবোর্ড, ঠিকাদারি, টার্ফ মাঠ, ব্যানার টানানো বা সরানো ও পরিবহন খাতের দখল নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ছে তারা। কখনো তুচ্ছ বিরোধ থেকে শুরু হওয়া এসব দ্বন্দ্ব গড়াচ্ছে গোলাগুলি ও হত্যাকাণ্ডে।
জুলাই বিপ্লবের পর থেকে নগরীতে বিএনপির বিভিন্ন পক্ষের মধ্যে অর্ধ শতাধিক সংঘর্ষ, হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন, আহত হয়েছেন শতাধিক। নিহতদের অন্তত তিনজনের হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি বা অঙ্গসংগঠনের দুই পক্ষের বিরোধের যোগসূত্র পাওয়া গেছে।
দলীয় পরিচয়, স্থানীয় প্রভাব বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সংঘাত এখন নগরীর জননিরাপত্তা ও বিএনপির সাংগঠনিক শৃঙ্খলার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দলীয় শাস্তিমূলক পদক্ষেপের পরও থামছে না রক্তক্ষয়ী সংঘাত।
পুলিশ, আদালতের নথি, ভুক্তভোগী ও স্থানীয়দের বক্তব্য এবং সরেজমিন অনুসন্ধানে এসব ঘটনার নেপথ্যে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ের তথ্য উঠে এসেছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তার এবং দলীয় পরিচয়কে কেন্দ্র করে গড়ে ওঠা বিরোধই একপর্যায়ে সহিংসতায় রূপ নিচ্ছে।
সর্বশেষ চলতি বছরের ২৯ অক্টোবর নগরীর বায়েজিদ এলাকায় ছাত্রদল নেতার গুলিতে আহত যুবদলকর্মী আবু ইউসুফ জীবন মারা যান। আগের দিন রাতে কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কে তাকে গুলি করা হয়।
জীবনের পরিবারের অভিযোগ, বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকরাম বাবু ও তার সহযোগীরা এ হামলায় জড়িত। মৃত্যুর আগে হাসপাতালে দেওয়া একটি ভিডিও বক্তব্যে জীবন ইকরাম বাবু ও আরমান নামের দুজনের বিরুদ্ধে হামলা ও গুলি চালানোর অভিযোগ করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় জীবনের মা বাদী হয়ে মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ মামলা করেছেন।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর নগরীর পুরোনো চান্দগাঁও এলাকার স্পোর্টস জোনের একটি টার্ফ মাঠের উদ্বোধনকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। মাঠটির নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় যুবদল নেতা মোশাররফ ওরফে ছোট মোশাররফের পক্ষের সঙ্গে আমিনের পক্ষের বিরোধের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ছুরিকাঘাতে দুজন আহত হন। তাদের মধ্যে জুবাইর উদ্দিন বাবু (২৫) মারা যান।
পুলিশ তখন জানিয়েছিল, টার্ফ মাঠের দখল নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত।
এ হত্যাকাণ্ডের পরদিন চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। পরে কমিটির দুই নেতাকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
একই বছরের অক্টোবরে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বার্মা কলোনি ও শান্তিনগর কলোনিতে সংঘর্ষে মো. ইমন নামের এক বিএনপি কর্মী নিহত হন। স্থানীয় আধিপত্য বিস্তার ও দুই পক্ষের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
২০২৫ সালের ২১ মার্চ নগরের জিইসি মোড়ে ঈদ শুভেচ্ছার ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষের নেতৃত্বে ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম শাহ আলমের অনুসারীরা। অন্যপক্ষে ছিলেনÑ নগর ছাত্রদলের নেতা শরীফুল ইসলাম তুহিনের অনুসারীরা।
সংঘর্ষে যুবদলকর্মী জিহাদুর রহমান জিহাদ ও আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত জিহাদুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ৩ এপ্রিল তার মৃত্যু হয়।
দলীয় সূত্র জানায়, শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে, তুহিন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
খুলশী থানার পুলিশ জানিয়েছিল, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
একই বছরের ২৫ অক্টোবর রাতে নগরীর বাকলিয়া অ্যাকসেস রোডের বগার বিলমুখ এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ছাত্রদলকর্মী মো. সাজ্জাদ (২২) নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারীদের সঙ্গে নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারীদের বিরোধ থেকে এ সংঘর্ষ হয়।
দলীয় সূত্র জানায়, ঘটনার আগে এমদাদুলের অনুসারী যুবদলকর্মী মো. জসিমকে তুলে নিয়ে মারধর করা হয়েছিল। তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের গুলিতে সাজ্জাদ নিহত হন।
বাদশার অভিযোগ, মেয়র (বর্তমানে প্রশাসক) শাহাদাত হোসেনের নির্দেশে ব্যানার সরানোর কারণে জসিমকে তুলে নেওয়া হয়েছিল। তবে গাজী সিরাজ উল্লাহ ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের নিজের অনুসারী হিসেবে স্বীকার করেননি। তিনি জানান, তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
এ মামলার ১৭ আসামির বেশিরভাগই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে এমদাদুল হক বাদশা আমার দেশকে বলেন, শেখ হাসিনার আমলের পুরো সময় আমি নির্যাতিত ছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের পর দল গোছাতে ব্যস্ত থেকেছি। যুবদলকে সংগঠিত করার চেষ্টা করছি। কোনো অন্যায় করছি না। তবুও চকবাজার-বাকলিয়াকেন্দ্রিক কোনো ঘটনা ঘটলে আমার নাম বলছে একটি চক্র।
এছাড়া গত বছরের অক্টোবরে নগরের ডবলমুরিং এলাকায় বাস্তুহারা ইউনিট কমিটি বিএনপির সাধারণ সম্পাদক নূর আলম খুন হন। অভিযোগ রয়েছে, স্থানীয় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।
ওই বছরের ৫ নভেম্বর নগরের বায়েজিদ এলাকায় সরওয়ার হোসেন বাবলা নামের এক সন্ত্রাসী খুন হন। তিনি বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর অনুসারী ছিলেন। ওই সময় বাবলা এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে তার পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, নগরে আধিপত্য বিস্তার, মারামারি ও খুনোখুনির পেছনে মূলত চাঁদাবাজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি কাজ করছে। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে গিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষ হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আধিপত্য বা মারামারি কেন হয়, খুনোখুনি কেন হয়Ñসবই হচ্ছে চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। যারা এসব করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পুলিশ প্রশাসনকেও বলছি, দলীয় পরিচয়ে যাতে কাউকে ছাড় দেওয়া না হয়।’
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, অপরাধীর কোনো দল নেই। যে পরিচয়েই থাকুক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তার ভাষ্য, এসব ঘটনায় মামলা নেওয়া ও গ্রেপ্তার করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

