লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার

লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ বিএনপি নেতা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। ইউনিয়ন বিএনপির আশ্বাসে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন ওই নেতারা।

বিজ্ঞাপন

এর আগে সোমবার দুপুর ১টার দিকে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে ৩১ নেতার পদত্যাগপত্র জমা দেন তারা। জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ নেতা উপস্থিত হয়ে পত্রটি জমা দিয়েছিলেন।

যদিও উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়া পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে গ্রহণ করেননি।

এ বিষয়ে তিনি বলেন, আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। আমি তাদের পদত্যাগপত্রটি এমনিতেই রেখেছি, সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি।

রাতে চররুহিতা এলাকা থেকে দেওয়া এক ভিডিও বার্তায় ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যাহ পদত্যাগের আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তাদের দাবি, চররুহিতা ইউনিয়ন বিএনপির আশ্বাসে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার ঘটনায় ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগের আবেদন করেছিলেন।

চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ বলেন, ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন। তাদের সঙ্গে কথা বলেছি। তাদের অভিমান ভেঙেছে। এখন তরা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

প্রসঙ্গত, পরকীয়া প্রেম করে এক বিবাহিত নারীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল পদ-পদবি থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর ৬ মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদর (পশ্চিম) উপজেলা কমিটি।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পত্রে উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষর রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...