খুলনা সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগর ভবনে পেট্রোল বোমা হামলার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল, সেটিসহ আলী অপিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

