প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশে শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশের প্রায় ১ হাজার ২৫০ জন সদস্য। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে সেচ প্রকল্পের কাজ উদ্বোধনের পর ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি কুমিল্লার বুড়িচং উপজেলার ১,৭৭৮ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর এই সড়কপথের যাতায়াত ঘিরে কুমিল্লা অংশে নেওয়া নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের বলয় তৈরি করা হয়েছে। ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য বাহিনীর প্রহরীরাও মাঠে থাকবেন।
একই সাথে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, বুড়িচং উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হওয়ার যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জরুরি প্রয়োজনে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের প্রস্তুতিও সম্পন্ন রাখা হয়েছে।
মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ঢল নামানোর প্রস্তুতি: প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মুরাদনগর, মাধাইয়া, চান্দিনা, বুড়িচংয়ের নিমসার, আলেখারচর বিশ্বরোড, কোটবাড়ি বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড ও চৌদ্দগ্রাম বাজারসহ ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের স্বাগত জানানোর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি নিজে গৌরীপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করবেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, রাস্তার দুই পাশে শৃঙ্খলাবদ্ধ হয়ে অভিবাদন জানাতে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পাবেন প্রণোদনা: ফেনী থেকে সরাসরি যুক্ত হয়ে বুড়িচংয়ের কৃষকদের এই উপহার দেবেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া ব্লকের ১,৭৭৮ জন কৃষক এই কর্মসূচির আওতায় সরাসরি সুবিধা পাবেন এবং উপজেলা হলরুম থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান জানান, সকাল থেকে নিমসার এলাকায় হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মহাসড়কের দুই পাশে থাকবেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, দেশের ১১টি নির্বাচিত উপজেলার মধ্যে বুড়িচংকে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের আওতাভুক্ত করায় আমরা আনন্দিত। সকাল ৯টা থেকেই আমরা মহাসড়কের নিমসার পয়েন্টে মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে অবস্থান নেব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

