কক্সবাজারে বিজিবির অভিযানে দের লাখ ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে বিজিবির অভিযানে দের লাখ ইয়াবাসহ আটক ১

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

বিজ্ঞাপন

গতকাল রাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ উনচিপ্রাং বিওপির টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার জসিমের ঘের নামক স্থানে অভিযান পরিচালনা করে। দুজন সন্দেহভাজনকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল ধাওয়া করে হেলাল মিয়াকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে বিজিবি টহল দল বর্ণিত স্থানে তল্লাশি চালিয়ে দুটি পোর্টলার মধ্যে খাকি রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ১৫ কাট, অর্থাৎ ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আটক হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ইয়াবাগুলো মায়ানমার সীমান্ত থেকে কিনতেন। অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন