নির্বাচনের আগেই শাপলা ও জুলাই গণহত্যার বিচার চায় হেফাজত

চট্টগ্রাম ব্যুরো

নির্বাচনের আগেই শাপলা ও জুলাই গণহত্যার বিচার চায় হেফাজত

নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই গণহত্যাসহ সব ‘হত্যাযজ্ঞের’ বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে এ দাবি জানান।

গতকাল বুধবার ওই বিবৃতিতে তিনি বলেন, “ইসলামবিদ্বেষ, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়তে হলে অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে। নির্বাচনের আগেই শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যাকাণ্ড ও জুলাই মাসের গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় হলে ড. ইউনূস সরকারের ওপর ছাত্র-জনতার রোষানল নেমে আসবে।”

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, শাপলা চত্বর ও জুলাইয়ের ঘটনাবলিতে যারা আহত হয়ে আজও পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে শয্যাশায়ী, তাদের প্রতি অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে । তার ভাষায়, শহীদদের রক্তের বিনিময়ে আসা জুলাই বিপ্লব ব্যর্থ হলে জনগণ ড. ইউনূস সরকারকে ক্ষমা করবে না।

বিবৃতিতে তিনি হুঁশিয়ার করে বলেন, যারা ভারতীয় আধিপত্য মেনে চলবে, দেশের স্বার্থ জলাঞ্জলি দেবে, মাফিয়াতন্ত্র কায়েম রাখবে কিংবা মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতায় থাকতে চাইবে, তাদের বিরুদ্ধে জুলাইয়ের গণপ্রতিরোধ বারবার ফিরে আসবে।

জুলাই বিপ্লবের অন্যতম দাবি ‘রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার’ বলেও উল্লেখ করেন আজিজুল হক ইসলামাবাদী। তার ভাষায়, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র জন্ম দেওয়া রাষ্ট্রকাঠামো বিলোপ করে নতুন কাঠামো নির্মাণ করতে হবে। এটাই বাংলাদেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। তিনি বলেন, গণহত্যার বিচার ও কাঠামোগত সংস্কারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে সংস্কারের কাজ আরো জোরদার করার আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, ‘সংস্কারের পথে ইসলামবিরোধী অপশক্তির ফাঁদ ও কুমন্ত্রণা এড়িয়ে যেতে হবে। সংবিধান থেকে বহুত্ববাদ বাদ দিতে হবে। কোরআন-সুন্নাহবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির আলোকে সংস্কারকাজ সম্পন্ন করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন