বান্দরবান জেলার লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৬০) নামের এক ক্ষুদ্র- নৃ গোষ্ঠী নিহত হয়েছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ত্রিশডেবা ডলুঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারি পাড়ার বাসিন্দা বাচিং মার্মার ছেলে।
সূত্র জানায়, ক্যচিং মং মার্মা মঙ্গলবার সকালে ধান ক্ষেতে বিষ প্রয়োগ করতে যান। পরে সন্ধ্যা ঘনিয়ে আসলেও ক্যচিং মং মার্মা বাড়িতে না ফিরলে স্বজনেরা খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে ক্যচিং মং মার্মাকে গুরুতর আহত অবস্থায় ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ক্যচিং মং মার্মাকে মৃত ঘোষণা করেন।
ধান ক্ষেতে বিষ প্রয়োগের সময় ক্যচিং মং মার্মা বন্যহাতির কবলে পড়েন বলে জানান, স্ত্রী হ্লাচিং মার্মা। তিনি বলেন, হাতির পদপিষ্টে গুরুতর আহত হন ক্যচিং মং মার্মা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হাতি আক্রমণে ক্যচিং মং মার্মার মৃত্যুর ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

