সুদ দিতে না পারায় ঘরে তালা, বারান্দায় থাকে পরিবার

সুদ দিতে না পারায় ঘরে তালা, বারান্দায় থাকে পরিবার

নোয়াখালীর হাতিয়ায় সুদে টাকার নিয়েছেন রিকশাচালক একরাম হোসেন। সেই টাকার সুদ সময়মতো পরিশোধ করতে না পারায় একরামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে তালা দিয়েছে সুদ কারবারি তোফায়েল আহম্মদ। এতে ৮ দিন ধরে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে খোলা বারান্দায় ঝড়–বৃষ্টির মধ্যে দিন কাটাচ্ছেন একরাম।

বিজ্ঞাপন

শুক্রবার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের ওই আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, ঘরের সামনে বসে আছেন একরামের স্ত্রী ও শাশুড়ি। তাদের দুটি ঘরের দরজায় তালা ঝুলছে। পাশে ছোট ছোট বাচ্চারা মশারির ভিতর বসে আছে।

জানা যায়, বিশেষ প্রয়োজনে সুদ কারবারি তোফায়েল আহম্মদের কাছ থেকে সুদের ওপর টাকা নেন একরাম। পরে নিয়মিত সুদ পরিশোধ করতে না পারায় তোফায়েল তার ঘরে তালা দেন। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন একরাম।

একরাম হোসেন বলেন, ‘২০১৫ সালে দুর্ঘটনায় আহত দুইজনের চিকিৎসা করতে গিয়ে আমি তোফায়েলের কাছ থেকে ৬০ হাজার টাকা নিই। পরে আরও টাকা নেয়ায় মোট ঋণ দাঁড়ায় প্রায় ৭১ হাজার টাকা। এই টাকা বিপরীতে ইতোমধ্যে ১ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করেছি। তবু সুদ-আসল আর শেষ হয় না। এই সুদের ফাঁদে পড়ে আমি বিপর্যস্ত হয়ে পড়েছি।

একরাম হোসেন অভিযোগ করে বলেন, আমাকে কয়েক দফা মারধর করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেন তোফায়েল। সম্প্রতি আমার অনুপস্থিতিতে তোফায়েল ঘরের সব মালামাল বের করে তালা মেরে দিয়েছে। ফলে স্ত্রী-সন্তানদের নিয়ে বারান্দায় থাকছি।

একরামের স্ত্রী বলেন, আট দিন হলো বাচ্চাদের নিয়ে বারান্দায় থাকতে হচ্ছে। বৃষ্টিতে ভিজে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। রান্নাবান্না বন্ধ। প্রতিবেশীদের দয়ায় বেঁচে আছি।

স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল হালিম বলেন, টাকার জন্য কারো ঘরে তালা দেয়া চরম অমানবিক কাজ। একরামের শিশুরা ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছে। ওষুধ কেনারও সামর্থ্য নেই। ঘটনাটি হৃদয়বিদারক।

সুদ কারবারি তোফায়েল আহম্মদ বলেন, সে আমার কাছ থেকে সুদের ওপর টাকা নিয়েছে। টাকা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তাই তালা দিয়েছি। টাকা পরিশোধ করলে তালা খুলে দেবো।

চরকিং ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন বলেন, সুদের টাকার জন্য কারো ঘরে তালা দেয়া দণ্ডনীয় অপরাধ। চৌকিদার পাঠিয়ে তালা খোলার ব্যবস্থা করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন