চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী মো. হারুন (৪৫) প্রকাশ উরফে ডাবা হারুন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মানিকপুর গ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত মো. হারুন, প্রকাশ- ডাবা হারুন কারা অভ্যন্তরীণ চট্টগ্রাম জেলার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারক বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার একদল পুলিশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মানিকপুর গ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. হারুন উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মানিকপুর গ্রামের হাজী চৌধুরী বাড়ির মো. বদিউল আলমের ছেলে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে একটি ডাকাতি মামলার এজাহারনামীয় অন্যতম আসামি। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

