তিন দিনের সফরে নিজ জন্মস্থান কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে আসেন। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে গাড়িবহর নিয়ে স্বাগত জানান। পরে তিনি ওই গাড়িবহর নিয়ে নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় চলে যান। তিনদিন তিনি ওখানেই অবস্থান করবেন।
সালাহউদ্দিন আহমদের কক্সবাজারস্থ ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তার সফরসূচি মতে, শুক্রবার রাতে তিনি পেকুয়ার মোবারকীয়া মাহফুজুল কোরআন হাফেজখানা ও সাঈদুল উলুম এতিমখানার বার্ষিক দস্তারবন্দী অনুষ্ঠানে যোগ দেন সালাহউদ্দিন। শনিবার সকালে তিনি উপজেলা ছাত্রদলের কমিটির নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এদিন বিকেল ৩টায় তিনি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে যোগ দেবেন। চকরিয়া সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
পরদিন রোববার সকালেও তিনি পেকুয়ার বাড়িতে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
সফরের শেষদিনে রোববার সকাল সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে পেকুয়া ছাড়বেন। বিমানবন্দর হয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

