ছয় গ্রামের অধিবাসীদের ৫০ বছর ধরে চলাচলের একমাত্র পথটি কাঁচাই রয়ে গেছে। অন্তহীন দুর্ভোগের কারণে বাধ্য হয়ে পথে নেমেছেন ওই ছয় গ্রামের অধিবাসীরা। মানববন্ধন আর বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার ফরিদগঞ্জের পাইকপাড়া-নদোনা-কবিরূপসা-রূপসা রাস্তা পাকাকরণের দাবিতে মিছিল করা হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানা গেছে, উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ও ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া, নদোনা, কবিরূপসা, রূপসা, জামালপুর ও বিষুরবন্দ গ্রামের একাংশের চলাচলের একমাত্র পথ পাইকপাড়া-নদোনা-কবিরূপসা-রূপসা সড়কটি। ৫ কিমি. দীর্ঘ এই সড়কটিতে গত ৫০ বছরেও একবারেও পাকাকরণের চিহ্ন লাগেনি। টিআর, কাবিখা দিয়ে কিছু অংশে ইটের সলিং করা হলেও সেগুলো নষ্ট হওয়ার পথে। ফলে চরম ভোগান্তিতে এই ছয় গ্রামের অধিবাসীরা ৫০ বছর পার করেছেন।
রাস্তা পাকাকরণের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন মহিলা নেত্রী রহিমা আক্তার কলি, কাজী হুমায়ুন রশিদ, মিজানুর রহমান, মোশারফ হোসেন, আবুল কালাম আজাদ ও রোকেয়া বেগম।
এ সময় বক্তারা বলেন, এই গ্রামগুলোর শিক্ষার্থীরা আশপাশের ১০/১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পথ দিয়েই যাতায়াত করে। বর্ষাকালে রাস্তার বেহাল দশা হয়ে কষ্ট আরো বেড়ে যায়। প্রসূতি মাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে কাঁধে তুলে নিতে হয়।
মানববন্ধন শেষে এসব গ্রামের অধিবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

