চট্টগ্রাম জেলা ও নগরে ১৬ লাখের বেশি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া বলে জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। মঙ্গলবার দুপুরে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান তিনি।
এসময় তিনি জানান, দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টিকা দেওয়া হবে। শুধু চট্টগ্রাম জেলাতেই ১৬ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মহাপরিচালক ফায়জুল হক বলেন, প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কওমি মাদ্রাসায় টিকাদানের কর্মসূচি পৌঁছে দিতে হবে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনাকালের পর থেকে টিকা নিয়ে এক ধরনের গুজবও ছড়িয়ে গেছে বাজারে। তাই যার যার অবস্থান থেকে টিকাদান কর্মসূচির গুরুত্বপূর্ণ তুলে ধরতে হবে। এসময় তিনি কোন ধরণের গুজবে কান না দিতে জনসাধারণকে অনুরোধ জানান।
চট্টগ্রাম জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, এ বছর ১৬ লাখ ৩২ হাজার জনকে টাইফয়েডের টিকা দেয়া হবে চট্টগ্রামে। ইতোমধ্যে জেলায় ৫৪ শতাংশ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮ লাখ ২৭ হাজার টিকা দিবে।
জেলা তথ্য অফিস জানায়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বরে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। the global burden of disease এর সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জনের প্রাণহানি ঘটে। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।
সভায় কি-নোট স্পিকার ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসূয়া বড়ুয়া।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, করোনা টিকার ভ্যাক্সিন নেওয়ার ফলে এলার্জির সমস্যা হয়েছে এই ধরণের কোনো তথ্য গবেষণায় উঠে আসেনি। টাইফয়েড টিকা দিলেও এরকম কোন সম্ভাবনা নেই। এটি হালাল টিকা ও ঝুঁকিমুক্ত। আগে যারা এই টিকা দিয়েছেন তারাও রেজিস্ট্রেশন করতে পারবে। এতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

