চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ইসলামী ছাত্রশিবিরের স্থাপিত হেল্প ডেস্কে ছাত্রদলের নেতা-কর্মীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এতে শিবিরের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।
তিনি বলেন, আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্প ডেস্ক ও অভিভাবক ছাউনি স্থাপন করেছিলাম। সকাল থেকেই অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এমন সময় ছাত্রদলের নেতারা বহিরাগতদের নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তাদের ভাষ্যমতে, হামলায় গুরুতর আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব করতে বাম ছাত্র সংগঠন ও ছাত্রদল একত্রিত হয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আজকের ঘটনাও সেই পরিকল্পনার অংশ।
তারা দুই দফা দাবি উত্থাপন করেছে: বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ও হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলে, ‘এই দাবি অগ্রাহ্য করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

