বার আউলিয়া হাইওয়ে থানায় সার্জেন্টেই ভরসা

বার আউলিয়া হাইওয়ে থানায় সার্জেন্টেই ভরসা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-কুমিরা অংশে দিন-রাতে ভারী ও দ্রুতগতির যানবাহনের বিরামহীন চাপ থাকলেও সড়কের নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকা বার আউলিয়া হাইওয়ে থানায় নেই কোনো পূর্ণাঙ্গ ওসি। চরম জনবল সংকটের কারণে বর্তমানে এক সার্জেন্টকে দিয়েই সামলাতে হচ্ছে থানার প্রশাসনিক কাজ ও ব্যস্ততম এই মহাসড়কের দায়িত্ব।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা গেছে, নিয়মিত ওসি বদলি হওয়ার পর বার আউলিয়া হাইওয়ে থানায় নতুন করে কোনো কর্মকর্তা পদায়ন করা হয়নি। পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) মিল্টনকে দায়িত্ব দেওয়া হলেও তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। ফলে বাধ্য হয়েই সার্জেন্ট শামীম আলম ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল নিয়ে এক প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মহাসড়কে টহল দেওয়া, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সড়ক আইন বাস্তবায়ন ও দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর মতো জরুরি কাজ পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে তাকে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশটি শিল্প ও বাণিজ্যিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারী শিল্পকারখানা ও জাহাজভাঙা শিল্পের পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, বন্দরমুখী যানবাহন ছাড়াও প্রতিদিন অসংখ্য দূরপাল্লার বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচল করে এই মহাসড়কে। যানবাহনের অতিরিক্ত গতি, ফিডার রোড থেকে হঠাৎ মহাসড়কে উঠে আসা এবং অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

জনবল সংকটের এই চরম প্রভাব পড়ছে মহাসড়কের সার্বিক নিরাপত্তায়। সম্প্রতি গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায় এবং সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি থেকে গুরুতর আহত অবস্থায় চালকসহ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তার এমন হাল ধরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ব্যস্ততম এই মহাসড়কে নেতৃত্বের ঘাটতি দীর্ঘায়িত হলে নিয়মিত টহল ও আইন প্রয়োগ শিথিল হয়ে পড়বে। দুর্ঘটনা এড়াতে এবং সার্বিক নজরদারি বাড়াতে অনতিবিলম্বে পর্যাপ্ত জনবলসহ পূর্ণাঙ্গ ওসি পদায়নের দাবি জানান তারা।

চট্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফকরুল আলম জানান, লোকবল সংকটের কারণে বার আউলিয়া হাইওয়ে থানায় বর্তমানে ওসি নেই। শিল্পাঞ্চল সীতাকুণ্ডের এই গুরুত্বপূর্ণ থানায় দ্রুত ওসি পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন