গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশে সার উৎপাদন বন্ধ করে দিল চট্টগ্রামের দুটি বৃহৎ সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। বুধবার বিকেল তিনটা থেকে কারখানা দুটির উৎপাদন সাময়িকভাবে স্থগিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে চলমান গ্যাস সংকটের কারণে শিল্প খাতে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে সার কারখানাগুলোতে গ্যাসের চাপ কমে গেলে উৎপাদন স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীকালে সরকারি নির্দেশনায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়।
কারখানা সূত্রে জানা গেছে, সিইউএফএল স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১,১০০ থেকে ১,২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে কাফকো প্রতিদিন প্রায় ১,৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১,৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন সক্ষমতা রাখে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে এই বিপুল পরিমাণ উৎপাদন স্থগিত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর হওয়ায় পর্যাপ্ত চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া উৎপাদন চালানো ঝুঁকিপূর্ণ। কম চাপের গ্যাসে উৎপাদন অব্যাহত রাখলে যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কা থাকে। তাই নিরাপত্তা বিবেচনায় এবং সরকারি সিদ্ধান্তের আলোকে কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সার সরবরাহ নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই পুনরায় দ্রুত উৎপাদন শুরু করে বাজারে সরবরাহ নিশ্চিত করা হবে।
বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশনায় কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কারখানাটি পুনরায় চালু করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

