জামিয়াতুল ফালাহ ময়দানে গুমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

জামিয়াতুল ফালাহ ময়দানে গুমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ ময়দানে গুমের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরের সমাবেশে গুমের শিকার পরিবারের সদস্য ও সারভাইভাররা তাদের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন এবং গুমের ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন গুমের শিকার পরিবারের সদস্যরা, যারা তাদের প্রিয়জনের অনুপস্থিতির যন্ত্রণা ও রাষ্ট্রের নীরবতা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এক মা জানান, "আমার ছেলেকে পাঁচ বছর আগে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজও আমি জানি না সে বেঁচে আছে নাকি মৃত। আমরা বিচার চাই, আমাদের সন্তানদের ফিরে পেতে চাই।"

বিজ্ঞাপন

গুমের শিকার এক সারভাইভার বলেন, "আমাকে বিনা কারণে ধরে নিয়ে নির্যাতন করা হয়। আমি বেঁচে ফিরেছি, কিন্তু অনেকেই ফিরে আসেনি। আমরা বিচার চাই, গুমের অবসান চাই।"

সমাবেশে বক্তারা নিম্নলিখিত দাবিসমূহ উপস্থাপন করেন:

১. TFI গুম সেল, আইনাঘরসহ সমস্ত গুম সেল জাতির সামনে অনতিবিলম্বে উন্মোচন করতে হবে। পাশাপাশি গুমের সারভাইভার, ভিক্টিম পরিবারের সদস্য ও সাংবাদিকদের এসব সেলে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

২. গুম, খুন ও গণহত্যার সাথে জড়িত পলাতক স্বৈরাচারী হাসিনা, তার পরিবার ও তার রেজিমের কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতের মাধ্যম বিচারের আওতায় আনতে হবে।

৩. সারভাইভার রা গুম, মিথ্যা মামলা ও হয়রানির কারণে যে অর্থনৈতিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

৪. ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৫. যারা মিথ্যা ও সাজানো মামলার শিকার, তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সমাবেশে অংশগ্রহণ করেন এবং গুমের বিরুদ্ধে তাদের সংহতি প্রকাশ করেন।

গুমের বিরুদ্ধে সোচ্চার হতে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয় এবং দেশের বিভিন্ন স্থানে একই ধরনের সমাবেশ ও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন