বগা থাকার খবরে নগর ভবনে পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য নিয়ে ধোঁয়াশা

বগা থাকার খবরে নগর ভবনে পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য নিয়ে ধোঁয়াশা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা অবস্থান করছেন—এমন খবরের পর সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে সেখানে কোনো অভিযান চালানো হয়নি বলে দাবি করেছেন নগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ৯টার দিকে নগর ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বগা নগর ভবনে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে নগর ভবন এলাকায় দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে বগার অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন সেখানে এসে হট্টগোল করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

তবে সেখানে পুলিশের কোনো অভিযান চালানোর কথা অস্বীকার করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। তিনি বলেন, ‘সেখানে কোনো পুলিশের অভিযান হয়নি। টহলগাড়ি ছিল হয়তো। সতিঝর্ণার দিকে যাওয়ার সময় ওই পথে টহলগাড়ি থাকতে পারে। আমাকে না জানিয়ে অভিযান তো হওয়ার কথা নয়।’

তবে পুলিশের একটি সূত্রের দাবি, বগা নগর ভবনে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতেই খুলশী থানার একটি দল সেখানে গিয়েছিল। কোতোয়ালি থানার পুলিশের কয়েকটি ফোর্সও সেখানে ছিল বলে সূত্রটি জানায়। তবে সেখানে বগাকে পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ওয়াকিল হোসেন ওরফে বগা নগরের ওয়্যারলেস কলোনি এলাকায় ‘বিহারি বগা’ নামে পরিচিত। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর চলতি বছরের ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

গত ৪ সেপ্টেম্বর নগরের ওয়্যারলেস এলাকায় বগাকে গ্রেপ্তার অভিযানকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে খুলশী থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ জানিয়েছিল, ওই সময় বগা পালিয়ে যান।

গত ২৯ সেপ্টেম্বর রাতে নগরের ওয়্যারলেস কলোনিতে হৃদয় নামের এক কিশোর ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনাতেও বগার নাম আলোচনায় আসে। পুলিশ জানিয়েছে, হত্যার আগে ওই কিশোরকে বগার কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছিল। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ওই হত্যাকাণ্ডে বগার সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তসাপেক্ষ।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন