পরিবারের ‘অন্যায়ের’ প্রতিবাদ করায় নিখোঁজ যুবক

পরিবারের ‘অন্যায়ের’ প্রতিবাদ করায় নিখোঁজ যুবক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে শামসুল আলম বাবু (২৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। অভিযোগ উঠেছে, পারিবারিক পরকীয়ায় প্রতিবাদ করায় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়। নিখোঁজের পর পুরো গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নিখোঁজ বাবু কুয়েত প্রবাসী মোখলেস মিয়ার বড় ছেলে।

বিজ্ঞাপন

গ্রামবাসীর তথ্যমতে, তার মা ও ছোট বোনের পরকীয়াজনিত অনৈতিক সম্পর্ক নিয়ে তিনি প্রতিবাদ করে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে সোমবার (৭ জুলাই) গভীর রাতে অজ্ঞাতনামা ৮-১০ জন সন্ত্রাসী তাকে বসতঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। এ সময় তারা বাবুকে মারধর করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর সকালে গ্রামবাসী বাবুর বাড়িতে গিয়ে তার মা ও বোনকে জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দিতে রাজি হননি। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকে বাবুর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য জামাল মেম্বার বলেন, ‘বাবু এলাকায় একজন ভদ্র ও নিরীহ যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো সামাজিক অভিযোগ বা অপরাধের রেকর্ড নেই। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত তার সন্ধান ও দোষীদের বিচারের দাবি জানাই।’

একই গ্রামের তোফাজ্জল হোসেন সুমন বলেন, ‘একজন তরুণকে এভাবে গুম করে ফেলা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দ্রুত বাবুকে জীবিত উদ্ধারে ব্যবস্থা নেয়া হোক এবং ঘটনার পেছনের ষড়যন্ত্রকারী ও অপরাধীদের আইনের আওতায় আনা হোক।’

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বাবুর মা ও বোনকে রাত ১০টার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন