চট্টগ্রামের র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার (৩৭) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় নিজের অফিস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পালাশ সাহা ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি র্যাব-৭ এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, এতে লেখা ছিলো, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালোরাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

