ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বেড়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা আসাদ খোকনকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে এ ঘটনা ঘটে।
আসাদ নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি এনসিপির ব্রাহ্মণবাড়িয়ার জেলার সমন্বয় কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছর তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জেলা শহর থেকে নৌকায় হরিপুর রাজবাড়িতে যান আসাদ খোকন। দুপুর ১২ টার দিকে রাজবাড়িতে পৌঁছে নিজের ফেসবুক লাইভে যান তিনি। পরে দুপুর ২টার দিকে রাজবাড়ির সামনে তিতাস নদীতে গোসল করার সময় ২০-৩০ জনের একটি দল এসে আসাদকে মারধর করে। এরপর তাকে রাজবাড়ির ভেতরে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। পরে হামলাকারীরা অচেতন অবস্থায় তাকে নাসিরনগর সদরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে নাসিরনগর থানা পুলিশ তাকে পরিবারের জিম্মায় দেন।
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক নেতা জানান, নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, বিএনপি কর্মী মো. বিল্লাল ও মো. মোর্শেদের নেতৃত্বে উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মাধরের ঘটনা ঘটে। আমাদের লোকজনের এর সঙ্গে জড়িত না।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, এলাকার লোকজন তার উপর ক্ষিপ্ত ছিল। এর জের ধরে স্থানীয় লোকজন তাকে মারধর করেছে। তবে কারও বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করেননি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

