‘এই এমপির (মো. জসিম উদ্দিন) আমার নাম কাটার ক্ষমতা নাই, উনাকে একটা সালাম দিমু সরাসরি পাইলে’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুর ।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে নিজ অফিসে বসে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ২০০৮ সাল থেকে সারের ডিলার আছে। এমপি সাব আমার গ্রামের হান্নান নামে একজনের জন্য সুপারিশ করেছিল। উনি কি জানে, এগুলো যাচাই-বাছাই হয় ডিসি অফিসে?’
কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ জনকে সারের ডিলারশিপ দেওয়া হয় । এর মধ্যে উপজেলার রাজাপুর ইউনিয়নে দেওয়া হয় জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুরের ভাই সাদেকুর রহমান মেসার্স কেমি এন্টারপ্রাইজকে ।
একজন জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ারের এত ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ডিসি অফিসে চাকরি করার কারণে বাকিরুল ইসলাম বাহাদুর প্রভাব খাটিয়ে নিজের ভাইয়ের নামে সারের ডিলারশিপ নিয়েছেন।
রাজাপুর ইউনিয়নের পাচোড়া গ্রামের মাসুকুর রহমান বলেন, ‘ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোককে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তারা কৃষকের সঙ্গে প্রতারণা করবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেকুর রহমান ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি করতেন । ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুরোদমে আওয়ামী লীগের রাজনীতি করেন ।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন আমার দেশকে বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা এভাবে বলতে পারেন না । আমরা দুটি তালিকা দিয়েছি, ওই তালিকায় এই নাম ৩ নম্বরে ছিল । জেলা কমিটি যাচাই-বাছাই করেছে ।’
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ মিঠুন আমার দেশকে বলেন, ‘বিষয়টি আপনি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারকে জানান । আমি বিষয়টি দেখতেছি ।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের ২০ সেপ্টেম্বর তারিখের স্মারক অনুযায়ী, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ এবং কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদনের ভিত্তিতে জেলার ১৭টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় মোট ১৯৮ জনকে অস্থায়ীভাবে সারের ডিলার নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

