জুলাই-আগস্টে এক ছাত্র হত্যার অভিযোগে সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৯১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার মামলাটি দায়ের করেন গত বছরের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত মো. কাউসার মাহমুদের (২২) বাবা মো. আব্দুল মোতালেব।
নিহত কাউসার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৩য় বর্ষের ছাত্র ছিলেন।
এজাহারে বলা হয়, গত বছরের ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন কাউসার মাহমুদ। পরে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৩ অক্টোবর তার মৃত্যু হয়। মামলায় মোট ৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে মামলায় ২০২১ সালে কোভিড-১৯ এ মারা যাওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুলকে ৫৫ নম্বর এবং ২০২৩ সালের ৭ মে মৃত্যুবরণ করা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রকে ৫৮ নম্বর আসামি করা হয়েছে।
মামলায় আরও যাদের নাম এসেছে সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরী
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আমরা বাদীর দেয়া এজাহারের ভিত্তিতে মামলা নিয়েছি। যদি মৃত ব্যক্তিদের নাম থাকে, তদন্তে তা বাদ যাবে। আবার একই ব্যক্তির নাম দুইবার থাকলে সেটার দায় বাদীর। মামলাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

