সড়ক নির্মাণে অনিয়ম: কার্পেটিং তুলে ফেললেন হাসনাত আব্দুল্লাহ

সড়ক নির্মাণে অনিয়ম: কার্পেটিং তুলে ফেললেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা দেবিদ্বারে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কার্পেটিংয়ের অভিযোগ পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজ হাতে সড়কের কার্পেটিং তুলে ফেললেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার বিকেলে উপজেলার আব্দুল্লাহপুর-বুড়িরপাড় সড়কে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে স্থানীয়দের নিয়ে কার্পেটিং তুলে প্রতিবাদ করে কাজ বন্ধ করে দেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৮ সালে রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত প্রায় ২ হাজার মিটার সড়কের কাজ পায়, আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরতার অ্যান্ড ইয়েস্টেড ইন্টারন্যাশনাল কোং লিমিটেড। এ কাজের তৎকালীন প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। বর্তমান বাজারমূল্যে কাজটি করতে ঠিকাদার আপত্তি করলেও চাপের মুখে কার্পেটিংয়ের কাজ শুরু করে।

সড়কটি উপজেলা সদরের সুবিল, ফতেহাবাদ, রসুলপুর ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম সড়ক। দীর্ঘদিন কাজটি সম্পন্ন না করায় জনদুর্ভোগ ছিল সীমাহীন।

হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, রাস্তার কাজ একবারে নিম্নমানের যা আমাদের আঞ্চলিক ভাষায় খোলা পিঠা (চিতই পিঠা) মত যা টান দিলেই উঠে যায়। যা সরকারের অর্থ অপচয়। অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে এসে অনিয়মের প্রমাণ পেয়ে রাস্তা কাজ বন্ধ রাখতে বলি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। আমরা চাই জনগণের টাকা এটার যেন সদ্ব্যবহার হয়। একটা টাকাও যেন কারো পকেটে না যায়। সরকার যে টাকা দিবে তা মানুষের শ্রম ঘামের টাকা, ট্যাক্সের টাকা, আমাদের সবার করের টাকা এই টাকা দিয়ে রাস্তা হবে, এই টাকা কখনো অপচয় হতে দেওয়া হবে না।

উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, করোনাকালীন সময় হওয়ায় মেকাডন করার পর ৪ বছরেও আর কার্পেটিং করা হয়নি, দীর্ঘদিন কাজটি পড়েছিল। গত মে মাসে আবু তাহের সরকার কার্পেটিংয়ের কাজ ধরেন। হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শনকালে কার্পেটিং নিয়ে আপত্তি করেন। চলতি অর্থবছরে কাজটি সম্পন্ন না হলে আগামী বাজেটে কাজটি করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন