ফটিকছড়িতে দুই ব্যক্তির বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

চট্টগ্রাম ব্যুরো

ফটিকছড়িতে দুই ব্যক্তির বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর মানিকপুর দিঘিরপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করা দুই ব্যক্তির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একদল দুর্বৃত্ত আবছার চৌধুরীর বাড়িকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একই সময়ে শাহজাহান নামে অপর এক ব্যক্তির বাড়িতেও গুলির ঘটনা ঘটে। উভয় ব্যক্তিই আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন সময় তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে জানা গেছে। তবে এই হামলায় কেউ হতাহত হননি। এ ঘটনায় ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন। পুলিশ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজে অন্তত ৬ জন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করতে দেখা গেছে। ফুটেজে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের ভাষ্যমতে, গুলি ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা জড়িতদের শনাক্ত করেছি এবং তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার কারণে ক্ষুব্ধ হয়ে অপরাধীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ বিকট গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। একজন বাসিন্দা বলেন, “আমরা গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে বাইরে বের হই, কিন্তু কাউকে সরাসরি দেখতে পাইনি। পরে বুঝতে পারি হামলাকারীরা দ্রুত পালিয়ে গেছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...