উৎসবমুখর পরিবেশে বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী সভাপতি এবং দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম. বশিরুল আলম এবং লামা সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ মিন্টু।
নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ শামছুদ্দোহা, দৈনিক ডেসটিনি প্রতিনিধি মো. আবুল কাসেম ও দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি সৈয়দ মো. আবুল কালাম আজাদ নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ডেসটিনির লামা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি কেএইচ মহসিন এবং নির্বাহী সদস্য পদে দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. ইলিয়াছ আরমান ও দৈনিক আজকের কক্সবাজার প্রতিনিধি আব্দুল হামিদ সজিব নির্বাচিত হয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্য সব পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার মুহাম্মদ কামালুদ্দিন জানান, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

