রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক আহত

রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক আহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চার্জে থাকা বা ব্যবহৃত মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে এ দুর্ঘটনার ঘটে।

বিজ্ঞাপন

আহত রুবেল হোসেন (৩৪) সোনাপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে এবং সাকিল আহমেদ (২৭) একই এলাকার আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই দুই যুবক রাস্তার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে তারা দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার নির্দেশ দেন। পরে স্বজনেরা আহত রুবেলকে ঢাকায় এবং সাকিলকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ জানান, বিস্ফোরণে আহত রুবেলের একটি চোখের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তবে কী কারণে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন