দাওয়াত খেয়ে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

দাওয়াত খেয়ে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পূর্ব আলিখীল খামার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কাউসার উজ জামান বাবলু (৩৬) রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালার মুখ এলাকার নঈম সওদাগরবাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক।

স্থানীয়রা বলেন, বাবলুর বসতঘরের আধা কিলোমিটার উত্তর-পূর্বে খামার টিলা এলাকায় নিহতের মামাতো ভাই পলিন ও বাবলুরা টিলা কেটে মাটি বিক্রি করে আসছিল। এর জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত বাবলুর স্ত্রী লিজা মনি বলেন, কিছুদিন ধরে তাকে অনেকে ফোনে হুমকি দিচ্ছে। শুনেছি, কয়েক দিন আগে চৌধুরী মার্কেটে একটি ভিডিও করা নিয়ে একজনের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। এছাড়া একদিন ফোনে শুনতেছি কে যেন বলতেছে ‘তুই যা করতেছিস ভালো করছিস না’। এভাবে মাঝে মাঝে হুমকি দিতো।

অপরদিকে নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, ঘটনাস্থল হচ্ছে বাবলুর নানার বাড়ি। সেখানে রাতে দাওয়াত খেতে গিয়েছিল। গল্প করে রাত ৩টার দিকে ফেরার পথে পথরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। বাবলু রাজনীতির সাথে জড়িত না হলেও বিএনপিকে সমর্থন করেন। আমরা তার হত্যার বিচার চাই।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, যে গ্রুপ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...