আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতে ইসলামীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর যোগদান

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

জামায়াতে ইসলামীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর যোগদান

কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিএনপির শতাধিক নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার কোটবাজারে আয়োজিত জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভায় তারা দলটিতে যোগ দেন।

বিজ্ঞাপন

জামায়াত নেতারা জানান, পালংখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে অন্তত ১৫০ জন বিএনপি নেতা ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ জুয়েল, শাহাবুদ্দিন মিস্ত্রি, হামিদুল হক, মোহাম্মদ আরমানসহ শতাধিক নেতাকর্মী রয়েছেন।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, “কিছুদিন আগেই পাঁচ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছিলেন। এবারও শতাধিক নেতাকর্মী যোগদান করেছেন। এই যোগদান চাঁদাবাজি ও মামলাবাজির বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদ।”

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমেদ আনোয়ারী বলেন,
“দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুট করে রাজনীতি করছে। দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে জনগণ সেই লুটপাটের রাজনীতির বিরুদ্ধে রায় দেবে। উখিয়া-টেকনাফে শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

উখিয়া উপজেলা জামায়াতের সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি শাহজালাল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর সাবেক জিএস ও ছাত্রনেতা এস এম ফরহাদ, ব্যবসায়ী আনিসুর রহমান ইয়াহিয়া, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, এবি পার্টির নেতা শামসুল হক শারেক, এনসিপি নেতা মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন