চাঁদা না পেয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, গ্রেপ্তার ২

চাঁদা না পেয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, গ্রেপ্তার ২

চাঁদপুরের হাইমচরে চাঁদার টাকা না দেওয়ায় একটি নিরীহ পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার জুমার নামাজ শেষে হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া বায়তুন নূর জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া (গাজী বাড়ি) গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বাবু গাজী (৩০) এবং রাফি গাজী (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শ্রী সমীর দাস এবং পুলিশ পরিদর্শক (পিএসআই) সৌরভ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গত ২৪ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে আসামিদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এবং অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক নম্বর আসামি নাজমুল হোসেন বাবু গাজী বাদী ফরিদা বেগমের স্বামী মান্নান শেখের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা তার পথরোধ করে চাঁদার টাকা দাবি করে। ওই সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা রামদা, লোহার পাইপ ও ছেনী নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মান্নান শেখসহ চারজনকে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন