আধিপত্য বিস্তারে ছাত্রদলের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আধিপত্য বিস্তারে ছাত্রদলের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- রাজিব, মানিক, জাবেদ, মিরাজ, সোহেল, হৃদয়, সাদ্দাম, মামুন, পারভেজ, জিতু, জনি।

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, কমিটি নিয়ে দেড় মাস ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সঙ্গে জেলা ছাত্রদলের সহ-সভাপতি জামশেদুর রহমানের দ্বন্দ্ব চলছিল। রোববার আকবরের অনুসারী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এরই জেরে জামশেদুরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সংঘর্ষ ঘণ্টাখানেক ধরে চলে।

আকবর হোসেন বলেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে একটি মিছিল বের করেছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে জামশেদুরের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ মিথ্যা দাবি করে জামশেদুর রহমান বলেন, উপজেলা বিএনপির সদ্য ঘোষিত বিতর্কিত কমিটিকে কোনো কর্মসূচি পালন না করতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা না মেনে আকবর হোসেনের লোকজন ছাত্রদলের ব্যানারে মিছিল বের করলে বাধা দেন পদবঞ্চিতরা। পরে তার লোকজন হামলা চালিয়ে আমাদের ৪০ জন নেতাকর্মীকে আহত করেন।

দাগনভূঞা থানা ওসি (তদন্ত) মোহাম্মদ আলী বলেন, এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন