চাঁদপুরের হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে বালতির পানিতে ডুবে মো. আবরাহাম নামের এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ কংগাইশ এলাকায় এ ঘটনা ঘটে।
আবরহাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে আবরাহাম। শুক্রবার দুপুরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। পরে ঘরের ভিতরের বাথরুমে বালতির পানিতে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গিয়েছে। তিনি যেসব ঘরে সাঁতার না জানা শিশু রয়েছে, সেসব অভিভাবকদের আরো বেশি সতর্ক থাকার অনুরোধ জানান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

