চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রাজ্জাককে ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আব্দুর রাজ্জাক হাটহাজারী উপজেলার পূর্ব মেখল বাদামতল এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব–৭ এর একটি দল গত মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালায়। এসময় আব্দুর রাজ্জাককে (৩৬) গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারীর গড়দুয়ারা এলাকার মৃত কবির আহমদের ছেলে।
র্যাব জানায়, রাজ্জাকের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলাটি ছিল ২০০৮ সালের। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রাজ্জাক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে স্থানীয় এলাকায় মাদক নিয়ন্ত্রণে বড় ধরনের স্বস্তি ফিরবে।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্জাককে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

