দেবিদ্বারে বিএনপি ও হাসনাত সমর্থকদের পাল্টাপাল্টি বিক্ষোভ

দেবিদ্বারে বিএনপি ও হাসনাত সমর্থকদের পাল্টাপাল্টি বিক্ষোভ

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণ অঞ্চলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ’র বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপি। অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে জুলাই অভ্যুত্থানে আহত, শহীদ পরিবার ও ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এনিয়ে দেবিদ্বারের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গতকাল বিকাল সাড়ে ৩টায় জুলাই অভ্যুত্থানের আহত,শহীদ পরিবার ও ছাত্র-জনতার উদ্যোগে দেবিদ্বার জেলা পরিষদ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা পরিষদ হয়ে মুক্তিযুদ্ধা চত্বরে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, এনসিপির উপজেলা নেতা শামীম কাউসার, জালাল আহমেদ, আসিফ হোসেন ফয়সাল, ছাত্র সংসদ নেতা রকিবুল হাসান হৃদয়, জুলাই আন্দোলনে আহত তুষার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সিয়াম ইসলাম, ইয়াছিন আরাফাত ও তানভীর আহম্মেদ প্রমুখ।

debidder news pic two

অপরদিকে ‘বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’, হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় দেবিদ্বারের চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সীর বাসভবন থেকে বিক্ষোভ মিছিল বাহির করে বিএনপি। মিছিলটি উপজেলা পরিষদ হয়ে মুক্তিযুদ্ধা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ওই সময় আগামী ৭ দিনের মধ্যে হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিস্টার রেজবিউল আহসান মুন্সী।

তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ আপনি জুলাই আন্দোলনের অন্যতম ছাত্র সমন্বয়ক। স্বৈরাচারী হাসিনার পতন ও আওয়ামী লীগ নিষিদ্ধে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আপনি দেবিদ্বারের সন্তান হিসেবে আপনার প্রতি শ্রদ্ধা। কিন্তু সম্প্রতিকালে আপনার বক্তব্য শিশুসুলভ। আপনি রাজনীতিতে অপরিপক্বতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও দায়িত্ব জ্ঞানহীন। বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে, আপনার এই বক্তব্য বিএনপিকে অপমান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সীর সহধর্মিণী ফারজানা বুবলী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর সুলতান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আবুল কালাম আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, সাহাজ উদ্দিন সাজু, এনামুল হক, রবিউল আউয়াল সাইফুল, মোহনপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) জহিরুল ইসলাম প্রমুখ।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, গতকালের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে জনমনে আতংক সৃষ্টি হয়েছে। সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক ছিল এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন