আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে: সালাহউদ্দিন

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে: সালাহউদ্দিন
উখিয়ার কোটবাজার স্টেশনে নির্বাচনি পথসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: আমার দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী ইতিহাস বিকৃতি করছে। স্বাধীনতার প্রধান ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ ডা. শফিকুর রহমান দাবি করেছেন, কর্নেল অলি স্বাধীনতার ঘোষক, যা সম্পূর্ণ ইতিহাসবিরোধী।

বুধবার সন্ধ্যায় উখিয়ার কোটবাজার স্টেশনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মক্ষম হাতে পরিণত করা হবে। জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে।

তিনি বলেন, বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এটি গণমানুষের দল। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের মুখে স্বাধীনতার কথা মানায় না।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন