চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৪

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৪
ফাইল ছবি

চট্টগ্রামের বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যের সংঘর্ষে ১২ বছর বয়সী শিশু ফাহিমসহ চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ফাহিম ছাড়াও বাকি আহতরা হলেন— মো. হাসান, জসিম, ইসমাইল মিয়াসহ তিনজন আহত হন।

আহত শিশু ফাহিম বাকলিয়ার ময়দার মিলের পশ্চিম পাড়ার এলাকার মো. কালামের ছেলে। ফাহিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তাররা বলেন, শিশুটির অবস্থা স্থিতিশীল আছে এবং নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে তাকে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানায়, ফাহিমের পায়ের হাঁটুর পুরো অংশে গুলির আঘাত রয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, তবে জীবনহানির আশঙ্কা নেই। আমরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছি।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ময়দার মিল এলাকায় সন্ত্রাসীদের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাহিমসহ আরো চার জন আহত হয়েছে। এ ঘটনায় আমরা পাঁচজনকে আটক করেছি। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া নামে একজন বলেন, ময়দার মিল এলাকায় কয়েকদিন ধরে উত্তেজনা ছিল। ছোট ছেলে ফাহিমের মতো অনেক সাধারণ মানুষও এর ভিকটিম হচ্ছে। আমরা চাই, প্রশাসন যেন দ্রুত নিরাপত্তা জোরদার করে।

পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ সন্ত্রাসী আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে ও ধারালো অস্ত্র এলোপাতাড়ি আঘাত করে। মোরশেদ খান নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে থাকেন। নগর পুলিশের করা ৩০০ দুষ্কৃতকারীর তালিকায় তার নাম রয়েছে।

পুলিশের দক্ষিণের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, গোলাগুলির পর অভিযান চালিয়ে ফারুক হোসেন নামে একজনের বাসা থেকে একটি শর্টগান, দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবরে সে পালিয়ে গেছে। এর আগে আধিপত্য নিয়ে সংঘর্ষে চারজন আহত হন। এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন