কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশের পৃথক অভিযানে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রথম অভিযানে মোহাম্মদ হাসান (২৮) নামের এক ব্যক্তিকে সিএনজিযোগে অপহরণ করা হচ্ছিল। খবর পেয়ে ঈদগাঁও ইউনিয়নের পালপাড়ায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হরিতোলা এলাকার জাফর আলমের ছেলে মোর্শেদ আলম (২৬), ৫ নম্বর ওয়ার্ড কাদের পাড়ার আব্দু সোবহানের ছেলে আবুল বশর (৫০) এবং কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার নুরুল হাকিম (৩২)।
প্রসঙ্গত, একই দিন বেলা সাড়ে ১২টার দিকে ঈদগাঁও ছাগল বাজার থেকে ভিকটিমকে সিএনজিযোগে অপহরণ করা হয় বলে জানা যায়। উদ্ধার হওয়া ভিকটিম কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা।
এদিকে শনিবার (২ মে) দুপুরে পৃথক আরেক অভিযানে এসআই মো. আজিমুল হকের নেতৃত্বে ঈদগাঁও থানার পুলিশ ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর “হাবিবুল হুদা চৌধুরী (ভিসিআর কালু) হত্যা মামলার” পলাতক আসামি আনিসুর রহমান (৪৭) ওরফে বাবুলকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে ভিসিআর কালু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

