কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের দায়ে উপজেলা যুবদলের এক নেতাসহ তিনজনকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরো ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে তাদেরকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সার (৫০)। অপর দুইজন হলেন শ্রীপুর গ্রামের আব্দুল আজিজ (৩৬) এবং ধলিপুকুরিয়া গ্রামের সোহেল (৩২)।
দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বলেন, ‘মাদক সেবনের দায়ে যুবদলের কারও জেল বা জরিমানা হয়েছে কি না, তা আমার জানা নেই। তবে আমাদের কেউ যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর এলাকায় মুরগির খামারে অভিযান চালানো হয়। সেখানে তিনজনকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

