আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন ঘরে ঈদের আনন্দে ভাসলেন আট অসহায় পরিবার

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

নতুন ঘরে ঈদের আনন্দে ভাসলেন আট অসহায় পরিবার

কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ঘরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন আটটি অসহায় পরিবার। মানবিক সংগঠন স্বপ্নপূরণ ফাউন্ডেশন-এর ব্যতিক্রমী উদ্যোগে নির্মিত নতুন টিনসেড ঘর পেয়ে এসব পরিবারের সদস্যরা শুকরিয়া আদায় করেন।

উপজেলার বিজয়করা, দেবিপুর, মাসকরা, দেড়কোটা, চাঁন্দকরা, ডলবা, পাটানন্দী ও কালিকাপুর গ্রামের আটটি অসচ্ছল পরিবারকে এই ঘরগুলো উপহার দেওয়া হয়। ঈদের ঠিক আগমুহূর্তে নতুন ঠিকানা পাওয়ায় তাদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বুধবার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. মোশাররফ হোসেন। তিনি জানান, “মানবতার কল্যাণে স্বপ্ন পূরণের দৃঢ় অঙ্গীকার”—এই স্লোগানকে ধারণ করে ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ইতোমধ্যে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নসহ দেশের বিভিন্ন স্থানে দেড় শতাধিক সামাজিক কার্যক্রম সম্পন্ন করেছে।

জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং দেশের শিক্ষাবিদ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী তরুণদের সহযোগিতায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সংগঠনটি সমাজসেবা ও জনকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়দের আস্থা অর্জন করেছে।

নতুন ঘর পাওয়া উপকারভোগী তৌহিদ খান বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির কার্যক্রম দেখে তিনি একটি ঘরের জন্য আবেদন করেছিলেন। ঈদের ঠিক আগে নতুন ঘর পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন আরও বলেন, প্রবাসী ও দেশের মানবিক মানুষের অনুদানেই সংগঠনটি পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুন ঘরে ঈদ উদযাপনের সুযোগ পেয়ে উপকারভোগী পরিবারগুলো মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্বপ্নপূরণ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...