লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরো দু-তিনজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রায়পুর উপজেলার মো. শহিদুল্লার ছেলে মো. মোক্তারুজ্জামান (৩৫), চাঁদপুরের হাইমচর থানার আলী আহমদ মালের ছেলে সাদেক হোসেন মাল (৩৮), আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে মানিক ব্যাপারী (৩২), রায়পুরের শামু মাঝির ছেলে মাসুদ (৪০)।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু-তিনজন পালিয়ে গেছে, তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

