আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরিদগঞ্জে বাসা থেকে সরকারি পিস্তল চুরি, এসআই ক্লোজড

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ফরিদগঞ্জে বাসা থেকে সরকারি পিস্তল চুরি, এসআই ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই রাকিব উদ্দিন ভূঁইয়ার বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) বিকালে ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে চারতলা বাসা থেকে রাকিব উদ্দিনের সরকারি পিস্তল ও গুলি চুরি হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

রাকিব উদ্দিন জানান, থানা থেকে ১০০ গজ দূরে চারতলা ভবনের চারতলায় এক ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি। সোমবার দুপুরে বাসা থেকে বের হন। বিকালে বাসায় ফিরে দেখেন দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো। ফ্ল্যাটের তালা ভেঙে ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

ফরিদগঞ্জ থানার ওসি বলেন, ‘এসআই রাকিব ওই ভবনের চারতলায় একটি ফ্ল্যাটে একাই থাকেন। সেখানকার বেশিরভাগ ফ্ল্যাটে পুলিশ সদস্যরা ভাড়া থাকেন। ভবনের উত্তর পাশে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আছে। সোমবার দুপুরে বা বিকালে চোরেরা বাসার তালা ভেঙে দুটি ম্যাগাজিনে ১৬টি গুলিসহ একটি ৯ এমএম তরাশ পিস্তল ও ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশ অস্ত্র উদ্ধারে কাজ করছে।’

এদিকে সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, পিবিআই পুলিশ সুপার এস এম মোস্তাইম, সিআইডি ও ডিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, ‘এসআই রাকিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্ত এবং অস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশ কাজ করছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন