ফেনীতে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ফেনীতে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ফেনীতে পূর্ব শত্রুতার জেরে যুবদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার বিকেলে জেলার সোনাগাজী উপজেলার চর খোন্দকার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চর খোন্দকারে স্কেভেটর ভাড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবদল সদস্য সাইদ হোসেন আইভির সাথে চর খোন্দকার আব্দুল শুক্কুরের ছেলে ও চরচান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে আইভির নেতৃত্বে ১০/১২ জন সশস্ত্র যুবক সুজনের ওপর হামলা করে। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা বাড়ির লোকজনের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা।

এতে সুজনের ভাই আবদুল আলিম আজাদ, মা সালমা খাতুন, ইলিয়াসের ছেলে হোসেন আহম্মদ ও বাবুল, প্রতিবেশী নূর নবি, মাইন উদ্দিন, ইমন, জসিম উদ্দিন, হোসেন, ইয়াসমিন, শিপন এবং সোহাগসহ ১৪/ ১৫ জন আহত হয়।

সুজনের ভাই আবদুল আলিম আজাদ বলেন, পূর্ব শত্রুতাবশত চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আইভি তাদের ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে তারা থানায় অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত আইভির মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

আইভির ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির জানান, বাক-বিতণ্ডার জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন