লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারে ১৭ দফায় মোট ৬২টি পয়েন্ট তুলে ধরা হয়, যেখানে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান ও সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয় নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ভুলুয়া নদী খননের ওপর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে লিখিত ইশতেহার পাঠ করেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ।
এ ছাড়া ইশতেহারে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সমস্যা নিরসন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সমাজ সংস্কার, স্বাস্থ্য নিরাপত্তা, নারী শিক্ষা, নারী কর্মসংস্থান ও নিরাপত্তা, কৃষি সম্প্রসারণ, মৌলিক সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিবেশ ও বাজার সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ক্রীড়া উন্নয়নের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, সদস্যসচিব মাওলানা হুমায়ুন কবির, সাবেক কমলনগর উপজেলা আমীর ডা. নুর উদ্দিন মাহমুদ, উপজেলা আমীর আবুল খায়ের, রামগতি পৌরসভা আমীর মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা আমীর মাওলানা আব্দুর রহিমসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

