নবীনগরে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইন শুরু

নবীনগরে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইন শুরু

দেশে কলেরা প্রতিরোধে প্রথমবারের মতো মুখে খাওয়ার কলেরা প্রতিরোধমূলক ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬’-এর উপজেলা পর্যায়ের কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুরু হয়েছে। শনিবার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ক্যাম্পাসে ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

চলতি বছর নবীনগর উপজেলায় প্রায় ৬ লাখ মানুষকে মুখে খাওয়ার এই ওরাল কলেরা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হাবীবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আব্দুল মান্নান বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছে এবং স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে। এরই অংশ হিসেবে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন তাঁদের ন্যায্য চিকিৎসা পান, সেদিকে বিশেষ নজর রাখতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. শেখ ফজলে রাব্বি, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ড. মো. নোমান মিয়া, ড. মো. হিমেলসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন