চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট স্থাপনার ছবি-ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট স্থাপনার ছবি-ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অনুমোদন ছাড়া ছবি ও ভিডিও ধারণ এবং তা প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বন্দর সচিব রেফায়েত হামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দরের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত। রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, নকশা, ছবি বা অন্যান্য উপাদান অনুমোদন ছাড়া ধারণ, প্রকাশ বা প্রচার দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকা, নজরদারি সক্ষমতা, স্থাপনার বিন্যাস বা অপারেশনাল তথ্য প্রকাশ ও প্রচার করা সম্পূর্ণ আইনপরিপন্থী।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে জানানো হয়েছে, অনুমোদন ছাড়া এ ধরনের তথ্য প্রকাশ বা প্রচারের মাধ্যমে বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন, নিরাপত্তা বিধিমালা ও বন্দর কর্তৃপক্ষের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন