শিক্ষার্থীদের দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে: এমপি এরশাদ

শিক্ষার্থীদের দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে: এমপি এরশাদ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। আত্মগঠন ও আত্ম বিনির্মাণের এটাই শ্রেষ্ঠ সুযোগ। কলেজের নতুন বাতাসে গা ভাসিয়ে না দিয়ে নিয়মিত ক্লাসে মনোযোগী হয়ে নিজস্ব লক্ষ্য স্থির করতে হবে। মনে রাখতে হবে, তোমরাই জাতির আগামীর কাণ্ডারি।

বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্কুলের সংকীর্ণ আবদ্ধ পরিসর ও বাঁধাধরা নিয়ম-বিধির তুলনায় কলেজের পরিসর অনেক উদার। এখানকার সামগ্রিক পরিবেশও অনেক বেশি উন্মুক্ত ও স্বাধীন। এই স্বাধীনতাকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের আগামী জাতির কাণ্ডারি হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে এবং পরিপূর্ণ মানুষের স্বীকৃতি অর্জনে আত্মনির্মাণ ও আত্মবিকাশে সক্ষম হওয়ার চেষ্টা করতে হবে।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আজিজুল হক, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বিদ্যৎসাহী সদস্য শওকত আলম প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন- অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, মানব সম্পদ ব্যবস্থাপনা। অতিথিরা নবীনদের স্বাগতম জানিয়ে তাদের সুন্দর ও সাফল্যময় শিক্ষাজীবনের শুভকামনা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুচিত্রা চৌধুরী ও কলেজ সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন কলেজ রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন