কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ইস্যু নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সকাল সাড়ে ১০টায় ইনানীর হোটেল বেওয়াচে সম্মেলন উদ্বোধন করেন তিনি।
এর আগে সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর। রোববার থেকে শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের রোববার (২৪ আগস্ট) প্রথম দিন বিকেলে রোহিঙ্গা প্রতিনিধিরা বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এতে জাতিসংঘসহ রোহিঙ্গা সংকটে জড়িত সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীজন অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি কার্যকর রূপরেখা খোঁজা। পাশাপাশি, সম্মেলনে আন্তর্জাতিক সহায়তা তহবিল গঠন, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন, যাতে বাস্তব পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

