ফেসবুকে ‘মিথ্যা’ সংবাদ

বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা

বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা

‘অগ্রযাত্রা’ নামের ফেসবুক ভিত্তিক একটি ভিডিও প্ল্যাটফর্মে ‘মিথ্যা’ সংবাদ প্রচারের অভিযোগে তিন সাংবাদিক ও দু’বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

বুধবার (০২ জুলাই) দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ওই মামলায় ‘মিথ্যা’ সংবাদ প্রচারের কারণে ৫০ কোটি টাকা মূল্যমানের সম্মানহানির অভিযোগ আনা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

মামলায় যে ৫ জনকে আসামি করা হয়েছে তারা হলেন ‘অগ্রযাত্রার সম্পাদক মেহেদী হাসান অর্ণব, জেলা বিএনপি নেতা সুলতান আহমদ, টেকনাফের সাবরাং ইউনিয়ন বিএনপি নেতা ইমান হোসেন, অগ্রযাত্রা রিপোর্টার খান মঈন উদ্দিন ও রিপোর্টার ফাহিম হাসান।

কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. হাসান সিদ্দিকী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘অগ্রযাত্রা’ নামের ফেসবুক পেইজে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জেলার একজন প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান চৌধুরীর রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানহানি করা হয়েছে। একই সাথে গত ৪ জুন প্রচারিত ওই প্রতিবেদনের কারণে ৫০ কোটি টাকার সম্মানহানির অভিযোগ আনা হয়।

বাদী শাহজাহান চৌধুরীর পক্ষে মামলাটি পরিচালনা করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান, অ্যাডভোকেট ছমি উদ্দিন, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট তারেক, অ্যাডভোকেট আনোয়ার, অ্যাডভোকেট শাহাবউদ্দিন ও অ্যাডভোকেট জাবেদ ইকবাল।

উল্লেখ, ‘অগ্রযাত্রা’ নামের ওই ফেসবুক পেইজে ‘কক্সবাজারে ৫ আগস্টের পর ১০০ কোটি টাকা কামিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী’ শিরোনামে ৭ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিও প্রতিবেদনটি প্রচার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন