আমেরিকা থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

আমেরিকা থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

আমেরিকা থেকে দেশে ফিরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন। তার বিরুদ্ধে মিরসরাই উপজেলার দুটি থানায় একাধিক মামলার তথ্য পেয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

শুক্রবার ভোর ৫ টায় আমেরিকা থেকে স্ত্রীসহ তিনি বিমানবন্দরের ইমিগ্রেশনে যান। এ সময় মিরসরাই থানায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি ভাংচুর মামলার ৫ নম্বর আসামি থাকায় তাকে সে মামলায় আটক করা হয় বলেই পুলিশ জানায়।

বিজ্ঞাপন

মিরসরাই থানা পুলিশ জানায়, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। মিরসরাই থানার পুলিশ তাকে নিয়ে আসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। সন্ধ্যার মধ্যে মিরসরাই থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কিনা যাচাই করা হবে।

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে।

প্রসঙ্গত, ২০২৪ সালে অনুষ্ঠিত ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম ১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিকে নির্বাচন করেন। নির্বাচনে গিয়াস উদ্দিন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব উর রহমান রুহেল এর কাছে হেরে যান।

জুলাই বিপ্লব আন্দোলন শুরুর আগের দিন ১৬ জুলাই গিয়াস উদ্দিন স্ব-স্ত্রীক আমেরিকা চলে যান। দীর্ঘ ১০ মাস পর দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন