দুগ্ধ প্রকল্পে ব্যাপক অনিয়ম, ৫০ জনের ২৮ জনই আ.লীগের

দুগ্ধ প্রকল্পে ব্যাপক অনিয়ম, ৫০ জনের ২৮ জনই আ.লীগের

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সমবায়ের দুগ্ধ প্রকল্পে ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের ৫০ জন ঋণগ্রহীতার মধ্যে ২৮ জনই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

অনুসন্ধানে জানা গেছে, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সুমন অসহায় মানুষদের ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন। অভিযোগ উঠেছে, সমবায় কর্মকর্তাদের সহায়তায় তিনি ঋণ দেওয়ার নামে অনেকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন এবং ঋণ পাওয়ার পর প্রতিজনের কাছ থেকে এক লাখ টাকা নেওয়ার পাঁয়তারা করছেন।

বিজ্ঞাপন

ঋণগ্রহীতার তালিকায় যুবলীগ নেতা সুমনের পরিবারের পাঁচজন সদস্যের নাম রয়েছে। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, তার পরিবারের সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজলের স্ত্রী ও পরিবারের একাধিক সদস্যের নামও তালিকায় আছে।

ভুক্তভোগী রানুয়ারা বেগম জানান, তিনি ঋণের অর্ধেক পাবেন এবং বাকি ১ লাখ টাকা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনকে দিতে হবে। আরেক ভুক্তভোগী নাজমা আক্তার বলেন, সুমনই তার ঋণের কিস্তি পরিশোধ করবেন, তবে ঋণের টাকা তিনিই নেবেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা সমবায়ের সহকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা এ বিষয়ে বলেন, “সুমন যুবলীগ করে, এটা কোনো মুখ্য বিষয় নয়। তালিকা স্যার স্বাক্ষর করেছেন।”

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া সমবায় অফিসার মনিরুল ইসলাম বলেন , ব্রাহ্মণপাড়া সদর ও শিদলাই ইউনিয়নের ৫০ জনকে ঋণ দেওয়া হবে। তালিকা করা হয়েছে। আমি এখানে পাঁচ মাস হলো এসেছি। সবাইকে চিনি না। ছাত্রলীগ-যুবলীগ এগুলো আমি দেখি না, যে আবেদন করেছে তাকেই ঋণ দেওয়া হবে ।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, বিষয়টি নিয়ে কিছু অভিযোগ আমার কাছে এসেছে। আমি সংশ্লিষ্টদের ডেকে বিস্তারিত জানবো। যদি কোনো অনিয়ম হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন