চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত যুবক মো. মনিরকে আটক করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে শত শত ক্ষুব্ধ মানুষ তাদের ‘ধর্ষক’কে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে বলেন, ‘ধর্ষককে আমাদের হাতে দেন, আমরা মেরে ফেলব। বাংলাদেশের আইনে ধর্ষকের বিচার হয় না।’
পুলিশ ও র্যাব সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের ‘বিসমিল্লাহ ম্যানশন’ ভবনে দুপুরের দিকে তিন বছরের শিশুটিকে ধর্ষণের পরপরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মনিরকে আটক করে। একটি মাদ্রাসার গেটের ভেতরে তালাবদ্ধ করে রাখেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনতা তখন আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা অভিযুক্তকে পুলিশের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানান। একজন বয়োজ্যেষ্ঠ বাসিন্দা চিৎকার করে বলেন, আপনারা নিলেই ছাড়েন, বিচার হয় না। তাকে আমাদের হাতে দেন।
পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে জনতা বাধা দেয়। ধস্তাধস্তি, ঠেলাঠেলির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া হয়। আশপাশের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তেজনা বাড়তে থাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য পাঠানো হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বারবার ঘোষণা দেন—“বিচার আইনের মাধ্যমে হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না।”
স্থানীয় একজন আবুল ফজল বলেন, “এমন ঘটনার বিচার দেশে ঠিকমতো হয় না। শাস্তি পায় না অপরাধীরা।” জনতাকে আরও ক্ষুব্ধ করে তোলে। বিভিন্ন দিক থেকে লোকজন এসে পুলিশের গাড়ি ঘিরে ফেলেন।
এদিকে গুরুতর অবস্থায় তিন বছরের শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা শঙ্কাজনক।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান বলেন, “পরিস্থিতি সামাল দিতে কাজ করছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনতার আবেগকে সম্মান করি, কিন্তু তারা যেন আইন নিজের হাতে না নেয়।”
জানতে চাইলে পুলিশের দক্ষিণের উপ-পুলিশ কমিশনার হোসাইন কবির ভূঁইয়া বলেন, ক্ষুব্ধ জনতা কিছুতেই ধর্ষককে নিয়ে যেতে দিচ্ছে না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ালশেল ছুড়েছি। জনতাকে বুঝানোর চেষ্টা করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

